ওরা ৪২০ হলে আমি ৪৪৪ ভোল্ট, কমিশনকে বেনজির হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: ‘ওরা যদি ৪২০ হয়, তবে আমি ৪৪০ ভোল্ট!’ মঙ্গলবার নবান্ন থেকে ঠিক এই ভাষাতেই নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে কমিশনকে ‘টর্চার কমিশন’ ও ‘ক্যাপচার কমিশন’ বলে তোপ দাগেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এবং রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করে তড়িঘড়ি ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানো হচ্ছে। তাঁর দাবি, বিজেপি আইটি সেলের অঙ্গুলিহেলনে প্রায় ৫৮ লক্ষ জেনুইন ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বিহারের তুলনায় বাংলায় কেন আলাদা নিয়ম, সেই প্রশ্ন তুলে কমিশনকে ‘তুঘলকি’ ও ‘হিটলারি’ শাসনের সঙ্গে তুলনা করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, “আঘাত করলে প্রত্যাঘাত পেতেই হবে। আমরা এখনো রাস্তায় নামিনি, নামলে কী হবে সবাই জানে।” ১৪ ফেব্রুয়ারি নির্দিষ্ট সময়ের আগে লগ-ইন বন্ধ করে দেওয়া এবং শুনানির নামে মহিলাদের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, বৈধ ভোটারদের নাম ‘ভ্যানিশ’ করার এই চক্রান্তের বিরুদ্ধে তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন।