কাজে গাফিলতি ও ক্ষমতার অপব্যবহার: ৩ জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

ভোটার তালিকা সংশোধনে অনিয়ম ও গাফিলতির অভিযোগে এবার তিনজন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে সোমবার সাতজন এআরও-কে (AERO) সাসপেন্ড করার পর, মঙ্গলবার এই কঠোর পদক্ষেপ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার, ইউকো ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার এবং সেন্ট্রাল ট্যাক্স সিজিএসটি-র একজন ইন্সপেক্টর এই শাস্তির মুখে পড়েছেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে কমিশনের এই পদক্ষেপে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নবান্নে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকরা আইনগত ক্ষমতার অপব্যবহার করেছেন। তাঁদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করে সেই রিপোর্ট নিয়মিত কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ক্যানিং পূর্বের সত্যজিৎ দাসসহ সাতজন আধিকারিককেও একই কারণে সরিয়ে দেওয়া হয়েছিল।
সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানিয়েছিলেন যে, কাজে কোনোভাবেই আপস বা গাফিলতি সহ্য করা হবে না। কমিশন কড়া বার্তা দিয়েছে যে, কোনো কাজ অন্য কাউকে দিয়ে ‘আউটসোর্স’ করানো চলবে না। বিশেষ নিবিড় সংশোধনের (SIR) শেষ পর্যায়ে এসে নির্বাচন কমিশন বুঝিয়ে দিল, নিয়মভঙ্গ করলে কাউকেই রেয়াত করা হবে না।