বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বাম মন্ত্রী ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী গোস্বামী

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত বঙ্গের রাজনীতি। বামফ্রন্ট সরকারের দাপুটে আরএসপি নেতা প্রয়াত ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী গোস্বামী আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন। রাজ্য সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই মেগা দলবদল সম্পন্ন হয়।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কস্তুরী দেবী হাতে তুলে নেন দলীয় পতাকা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষের মতো শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাছাই করা মুখদের দলে টেনে সংগঠন শক্তিশালী করাই এখন বিজেপির লক্ষ্য।
ক্ষিতি গোস্বামীর অন্য কন্যা বসুন্ধরা গোস্বামী বর্তমানে তৃণমূলের কাউন্সিলর। একই পরিবার থেকে কস্তুরীর বিজেপিতে যোগদান রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভোটের আগে এই সমীকরণ বদল আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।