বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ, ৩৫ বছর পর পুরুষ রাষ্ট্রনেতা পেল ঢাকা

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। এর মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর দেশটিতে কোনো পুরুষ রাষ্ট্রনেতা সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন।
তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতুন মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন, যার মধ্যে তিনজন টেকনোক্র্যাট সদস্যও অন্তর্ভুক্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর এই শক্তিশালী মন্ত্রিসভা গঠন করল বিএনপি। শপথ গ্রহণ শেষে রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রী সৌজন্যমূলক করমর্দন করেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় ঢল নেমেছে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের। উৎসবমুখর পরিবেশে শপথের দৃশ্য সরাসরি দেখার জন্য বসানো হয়েছে বড় ডিজিটাল ডিসপ্লে ও সাউন্ড বক্স। এই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও বিশেষ আয়োজন করা হয়েছে, যা ঘিরে সারাদেশে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।