ব্যক্তিগত অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ শত্রুঘ্ন সিনহা, জনপ্রিয় সংলাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

অভিনেতা শত্রুঘ্ন সিনহা তাঁর ব্যক্তিগত অধিকার এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ১৯৭৮ সালের ‘বিশ্বনাথ’ চলচ্চিত্রের জনপ্রিয় সংলাপ ‘খামোশ’, নিজের ছবি এবং কণ্ঠস্বর অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের বিরুদ্ধে তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর অনুমতিহীন উপস্থাপনা বন্ধ করাই এই আর্জির মূল লক্ষ্য।
আদালতে দাখিল করা আবেদনে অভিনেতা ২৪ জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন। ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটররা তাঁর পরিচয় ব্যবহার করে লভ্যাংশ অর্জন করছেন বলে তিনি অভিযোগ করেন। ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি টাকা দাবি করার পাশাপাশি, তাঁর নাম ও সংলাপ ব্যবহার করে উপার্জিত লাভের অর্ধেক অংশও চেয়েছেন এই প্রবীণ অভিনেতা।
এর আগে অমিতাভ বচ্চন, অনিল কাপুর এবং জ্যাকি শ্রফের মতো তারকারাও নিজেদের ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষায় আদালতের শরণাপন্ন হয়েছিলেন। বিচারপতি শর্মিলা দেশমুখের এজলাসে এই মামলার শুনানি চলছে। বিনোদন জগতের ব্যক্তিত্বদের ছবি ও কণ্ঠস্বরের অপব্যবহার রুখতে এই মামলাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।