স্কুলে ঢুকে শিক্ষককে ধমক ও ঝাড়ু হাতে সাফাই বিধায়কের, ইন্দাসে শোরগোল

বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলে মঙ্গলবার চতুর্থ পিরিয়ড চলাকালীন হঠাতই উপস্থিত হন স্থানীয় বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া। অনুমতি না নিয়ে সরাসরি অষ্টম শ্রেণির ক্লাসরুমে ঢুকে মেঝে নোংরা কেন, তা নিয়ে শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। বিধায়কের এমন আকস্মিক আচরণে হতবাক হয়ে পড়ে ক্লাসে উপস্থিত পড়ুয়ারা।
তর্কাতর্কির এক পর্যায়ে বিধায়ক নিজেই ঝাড়ু হাতে তুলে নিয়ে স্কুল চত্বর পরিষ্কার করতে শুরু করেন। ২২ বছর ধরে কর্মরত ওই শিক্ষক জানান, পড়ুয়াদের সামনে বিধায়কের এমন রূঢ় ব্যবহারে তিনি অত্যন্ত মর্মাহত ও ব্যথিত। যদিও পরে নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশ করে বিধায়ক দাবি করেন, স্কুলের পরিবেশ পরিষ্কার রাখা নিয়ে প্রশ্ন তোলা কোনো অপরাধ নয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কের এই আচরণের কড়া নিন্দা জানানো হয়েছে। শাসকদলের মতে, প্রধান শিক্ষকের অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকে শিক্ষককে অপমান করা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। শিক্ষাঙ্গনে জনপ্রতিনিধির এমন ভূমিকায় সরব হয়েছেন স্থানীয় শিক্ষা অনুরাগী ও রাজনৈতিক নেতৃত্ব।