বেআইনি নির্মাণ রুখতে গিয়ে খোদ পঞ্চায়েত প্রধানকে মারধর সোনারপুরে, ধুন্ধুমার কাণ্ড

সোনারপুরের পোলঘাট পঞ্চায়েত এলাকায় বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে গিয়ে ভয়াবহ হামলার মুখে পড়লেন পঞ্চায়েত প্রধান মাফুজা মোল্লা এবং উপপ্রধান আখন্দ আনোয়ারুল হক। অভিযোগ, পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে আব্দুল মাজিদ মোল্লা নামে এক ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই নির্মাণ কাজ চালাচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে প্রধান ও উপপ্রধান সেখানে গিয়ে নথিপত্র দেখতে চাইতেই উত্তেজনার সূত্রপাত হয়।
অভিযুক্ত আব্দুল মাজিদ ও তার অনুগামীরা জনপ্রতিনিধিদের ঘিরে ধরে চড়াও হয় বলে অভিযোগ। বচসা থেকে শুরু হওয়া ধাক্কাধাক্কি দ্রুত হাতাহাতির রূপ নেয়। খবর পেয়ে সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, উত্তেজিত জনতা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায়। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।