ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক বৈঠক: ১১৪টি রাফায়েল ও হ্যামার ক্ষেপণাস্ত্র ক্রয়ে চূড়ান্ত সিলমোহর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার মুম্বাইয়ের লোকভবনে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে ১১৪টি রাফায়েল যুদ্ধবিমান এবং হ্যামার ক্ষেপণাস্ত্র ক্রয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য, দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য এবং সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত প্রায় এক ডজন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
সরকারি সফরে সোমবার রাতে মুম্বাই পৌঁছালে রাষ্ট্রপতি ম্যাক্রোঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মহারাষ্ট্রের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। সফরের শুরুতে তিনি তাজ প্যালেস হোটেলে ২৬/১১-র জঙ্গি হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, এটি ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর হলেও বাণিজ্যনগরী মুম্বাইয়ে এটিই তার প্রথম সরকারি কর্মসূচি।
এই সফরে দুই রাষ্ট্রপ্রধান যৌথভাবে ২০২৬ সালকে ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ’ হিসেবে উদ্বোধন করবেন। প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনার পাশাপাশি রাষ্ট্রপতি ম্যাক্রোঁ দিল্লিতে আয়োজিত এআই শীর্ষ সম্মেলনেও অংশগ্রহণ করবেন। তিন দিনের এই সফর দুই দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।