ভরা ক্লাসে শিক্ষকের সঙ্গে বিধায়কের তুমুল ঝগড়া, তারপর যা করলেন দেখে তাজ্জব পড়ুয়ারা

বাঁকুড়া: ক্লাস চলাকালীন হঠাৎই স্কুলঘরে ঢুকে পড়লেন বিধায়ক। কোনো আগাম খবর নেই, নেই প্রধান শিক্ষকের অনুমতি। সোজা অষ্টম শ্রেণির ঘরে ঢুকে শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ালেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া। ঝগড়ার কারণ? ক্লাসরুমের মেঝেতে জমে থাকা ধুলোবালি।
মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিক্ষক যখন বাংলা পড়াচ্ছিলেন, তখন বিধায়ক ঘরে ঢুকে অপরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষক পালটা বিনা অনুমতিতে ঢোকার কারণ জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রদের সামনেই চলে আঙুল উঁচিয়ে তর্কাতর্কি।
তবে নাটকের এখানেই শেষ নয়। বাগ্বিতণ্ডার কিছু পরেই মেজাজ বদলে ঝাড়ু হাতে তুলে নেন বিধায়ক নিজেই। গোটা স্কুল চত্বর সাফাই করতে শুরু করেন তিনি। বিধায়কের এই রূপ দেখে হতবাক খুদে পড়ুয়ারা।
দীর্ঘ ২২ বছরের শিক্ষকতা জীবনে এমন অভিজ্ঞতায় মৰ্মাহত শিক্ষক গোলকবাবু। যদিও পরে নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেছেন বিধায়ক নির্মলকুমার ধাড়া। তিনি জানান, স্কুলের নোংরা পরিবেশ দেখেই তিনি মেজাজ হারিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তুঙ্গে। তৃণমূলের দাবি, ক্লাসরুমে ঢুকে শিক্ষককে এভাবে অপমান করা অত্যন্ত কুরুচিকর এবং বিজেপির সংস্কৃতির পরিচয়।