মেদিনীপুরে ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল গাড়ি, মৃত উচ্চ মাধ্যমিকের পরীক্ষক ও চালক

মঙ্গলবার দুপুরে মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কের জামতলা মাইতিগোলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো উচ্চ মাধ্যমিকের পরীক্ষক রূপা প্রামাণিক (৩২) এবং গাড়িচালক আবু নাসেরের (৪৪)। মুণ্ডুলিকা হাইস্কুলে পরীক্ষার ডিউটি সেরে মারুতি ভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন ওই শিক্ষিকা। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গাড়িতে থাকা রূপা দেবীর সহকর্মী কঙ্কণা সাঁতরা এবং দুই বাইক আরোহী গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও খালাসি বর্তমানে পলাতক।
এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়। হাসপাতালের শোকাতুর পরিবেশে উপস্থিত হন স্থানীয় বিধায়ক সুজয় হাজরা ও পুরসভার চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।