কর্তব্যে গাফিলতি: তিন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে তিনজন মাইক্রো অবজারভারকে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছে। পশ্চিমবঙ্গর মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর আগে সাতজন এআরও-কেও একই কারণে সাসপেন্ড করেছিল কমিশন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্কের দুই ম্যানেজার এবং একজন সেন্ট্রাল ট্যাক্স ইন্সপেক্টর। অভিযোগ, তাঁরা কর্মস্থলে উপস্থিত না থেকে সই করে অন্যত্র চলে যেতেন। কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে বিভাগীয় তদন্ত শেষ করতে হবে এবং তদন্ত চলাকালীন তাঁদের কার্যকলাপের ওপর কড়া নজরদারি রাখা হবে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনী কাজে কোনো প্রকার শিথিলতা বা ইচ্ছাকৃত ভুল বরদাস্ত করা হবে না। কর্মকর্তাদের নিজস্ব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে এবং কোনো কাজ অন্য কাউকে দিয়ে করানো (আউটসোর্স) চলবে না। নির্দেশ অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি পরিণতির হুঁশিয়ারি দিয়েছে কমিশন।