স্বাস্থ্য পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা, কলকাতায় অভিনব তিনটি এআই অ্যাপ্লিকেশনের সূচনা

কলকাতার স্বাস্থ্য পরিকাঠামোয় আধুনিক প্রযুক্তির ছোঁয়া দিতে ‘এস আর এম অরনিক এআই টেক প্রাইভেট লিমিটেড’ তিনটি বিশেষ অ্যাপ্লিকেশন চালু করল। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সিইও ডক্টর শতরুপা মণ্ডল এবং সহ-প্রতিষ্ঠাতা গ্যান শ্রীবাস্তব এই ডিজিটাল উদ্যোগের কথা ঘোষণা করেন। মূলত একক প্র্যাকটিস করা চিকিৎসক ও ক্লিনিকগুলোর প্রশাসনিক কাজ সহজ করাই এই উদ্যোগের লক্ষ্য।
এই প্রকল্পের অধীনে ‘ক্লিনিক প্রো প্লাস’ অ্যাপ্লিকেশনটি ইনভেন্টরি, বিলিং ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থাপনায় চিকিৎসকদের সহায়তা করবে। পাশাপাশি, ‘নাইন্টি নাইন এআই টেক’ প্ল্যাটফর্মটি চিকিৎসকদের অনলাইন পরিচিতি ও সোশ্যাল মিডিয়া উপস্থিতিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ত্বরান্বিত করবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে চিকিৎসকদের বিপণন সংক্রান্ত দুশ্চিন্তা কমবে এবং পরিষেবার মান আরও উন্নত হবে।
তৃতীয় উদ্যোগ ‘নাইন্টি নাইন ক্লিনিক্স ডট অনলাইন’ চিকিৎসক ও রোগীদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে। রিয়েল-টাইম এআই প্রযুক্তির মাধ্যমে রোগীরা দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন। সংস্থার দাবি, এই ডিজিটাল রূপান্তর চিকিৎসকদের প্রশাসনিক চাপ কমিয়ে রোগীসেবায় বেশি সময় দিতে সাহায্য করবে, যা কলকাতার চিকিৎসাব্যবস্থায় এক নতুন দিশা দেখাবে।