ভোট এলেই অমিত শাহ যেন বর্ষার ব্যাঙ! বর্ধমানে দাঁড়িয়ে বিস্ফোরক কীর্তি আজাদ

ভোট এলেই অমিত শাহ যেন বর্ষার ব্যাঙ! বর্ধমানে দাঁড়িয়ে বিস্ফোরক কীর্তি আজাদ

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের বঙ্গে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁর এই সফর ঘিরেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মঙ্গলবার দুর্গাপুরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি ‘বর্ষার ব্যাঙ’ বলে কটাক্ষ করলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

তৃণমূল সাংসদের দাবি, নির্বাচন এলেই পরিযায়ী পাখিদের মতো বাংলায় কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়ে যায়। শাহের ইসকন মন্দির দর্শন থেকে শুরু করে বিজেপির রথযাত্রা— সবটাই ধর্মকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার হওয়ার কৌশল বলে অভিযোগ তাঁর। কীর্তি আজাদের কথায়, “ভোট এলেই ব্যাঙ ডাকে, আর অমিত শাহও তখনই বাংলায় এসে ট্যাঁর ট্যাঁর করেন! এমনকি প্রধানমন্ত্রীও ভোটের সময় দাড়ি রেখে রবীন্দ্রনাথ সাজার চেষ্টা করেন।”

এদিন দুর্গাপুরের ‘যুব সাথী’ প্রকল্পের শিবির পরিদর্শনে গিয়ে কেন্দ্রের কর্মসংস্থান নীতি নিয়েও সরব হন তিনি। ১৫ লক্ষ টাকা ও বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতিকে ‘জুমলা’ আখ্যা দিয়ে তিনি জানান, বাংলার মানুষ বারবার বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতেও করবে। ২০২১-এ ‘আব কি বার চারশো পার’ স্লোগান দিয়েও বিজেপি সেঞ্চুরি করতে পারেনি, এবারও তাদের কপালে পরাজয় নিশ্চিত বলে হুঙ্কার দেন এই প্রাক্তন ক্রিকেটার।

রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য এবং কেন্দ্রের অপূর্ণ প্রতিশ্রুতির লড়াইকে হাতিয়ার করেই যে তৃণমূল আগামী নির্বাচনে এগোতে চাইছে, কীর্তি আজাদের এই আক্রমণাত্মক মেজাজ তারই ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *