এসআইআর-এ গাফিলতির অভিযোগ, এবার কমিশনের কোপে ৩ মাইক্রো অবজার্ভার

এসআইআর-এ গাফিলতির অভিযোগ, এবার কমিশনের কোপে ৩ মাইক্রো অবজার্ভার

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে সাত এআইআরও-র পর এবার তিনজন মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। মঙ্গলবার সিইও পশ্চিমবঙ্গ তাঁদের এক্স (X) হ্যান্ডেলে এই শাস্তিমূলক পদক্ষেপের কথা জানান। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার, ইউকো ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার এবং সেন্ট্রাল ট্যাক্সের একজন ইন্সপেক্টর। এসআইআর (SIR) সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

সাসপেন্ড হওয়া এই তিন আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্য়েই বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়মিতভাবে কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর আগে এসআইআর প্রক্রিয়া চলাকালীন মাইক্রো অবজার্ভারদের সতর্ক করে কমিশন জানিয়েছিল যে, দায়িত্ব পালনে কোনও প্রকার শিথিলতা বরদাস্ত করা হবে না। সরাসরি সাসপেনশনের এই ঘটনা সেই হুঁশিয়ারিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, এই সাসপেনশনকে কেন্দ্র করে রাজ্য ও কমিশনের মধ্যে সংঘাত তীব্রতর হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো অবজার্ভার নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রাজ্য সরকারি কর্মীদের ওপর কমিশনের সরাসরি শাস্তিমূলক পদক্ষেপের বিরোধিতা করেছেন। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে জানান, যাঁদের পদাবনতি করা হবে, রাজ্য সরকার তাঁদের পদোন্নতির ব্যবস্থা করবে। প্রশাসনের এই অনড় অবস্থানে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *