অমিত শাহকে ‘বর্ষার ব্যাঙ’ বলে কটাক্ষ সাংসদ কীর্তি আজাদের

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় মন্ত্রীদের বাংলা সফর নিয়ে সরব হলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। মঙ্গলবার দুর্গাপুরে ‘যুব সাথী’ প্রকল্পের শিবির পরিদর্শনে এসে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘বর্ষার ব্যাঙ’-এর সাথে তুলনা করেন। আজাদের দাবি, ভোট এলেই বিজেপি নেতারা বাংলায় আনাগোনা বাড়ান, কিন্তু নির্বাচনের পর তাঁদের আর দেখা যায় না।
সাংসদ অভিযোগ করেন, কেন্দ্র সরকার ১৫ লক্ষ টাকা দেওয়া বা বার্ষিক ২ কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। উলটে বিজেপি আমলেই দেশের শিল্প ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২১ সালের নির্বাচনেও বিজেপি বড় বড় দাবি করলেও বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছিলেন বলে তিনি স্মরণ করিয়ে দেন।
আগামীকাল অমিত শাহের ইসকন মন্দির সফর ও বিজেপির রথযাত্রার পরিকল্পনাকেও রাজনৈতিক গিমিক বলে অভিহিত করেছেন আজাদ। তাঁর মতে, রাজ্য সরকারের ‘যুব সাথী’ প্রকল্পের সাফল্য দেখে বিজেপি ভীত। বেকারত্ব ও কেন্দ্রের অপূর্ণ প্রতিশ্রুতিকে হাতিয়ার করেই আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস ঘাসফুল শিবিরের প্রচার এগিয়ে নিয়ে যাবে।