মুর্শিদাবাদে বড় ধাক্কা খেল তৃণমূল, ভোটের মুখে অধীরের হাত ধরে ঘরওয়াপসি প্রভাবশালী নেতার

মুর্শিদাবাদে শাসক শিবিরে বড়সড় ভাঙন ধরালেন প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভোটের ঠিক আগেই তৃণমূল ছেড়ে পুরনো দল কংগ্রেসে ফিরে এলেন প্রাক্তন বিধায়ক তথা প্রভাবশালী নেতা আবু সুফিয়ান। সোমবার বহরমপুরে অধীরের হাত থেকে তেরঙা পতাকা তুলে নেন তিনি।
শাসক দলের বিরুদ্ধে ক্ষোভের বিষ্ফোরণ
দীর্ঘ ১৫ বছর তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার পর দলত্যাগের পেছনে ‘দুর্নীতি’ ও ‘গোষ্ঠীকোন্দল’কে দায়ী করেছেন আবু সুফিয়ান। তাঁর অভিযোগ, দলে কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়াতেই গত ৫ বছর তাঁকে বসিয়ে রাখা হয়েছিল এবং কোনো রাজনৈতিক কাজ করতে দেওয়া হয়নি।
যুবশক্তিতেও থাবা কংগ্রেসের
শুধুমাত্র শীর্ষ নেতৃত্ব নয়, নিচুতলাতেও তৃণমূলের শক্তিক্ষয় স্পষ্ট হয়েছে। বহরমপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০ জন যুবক ঘাসফুল শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। অধীর-পুত্র অভিনন্দন চৌধুরীর হাত থেকে তাঁরা দলীয় পতাকা গ্রহণ করেন।
রাজনৈতিক সমীকরণ
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আবু সুফিয়ানের মতো অভিজ্ঞ নেতার প্রত্যাবর্তনে মুর্শিদাবাদে কংগ্রেসের পালে নতুন হাওয়া লেগেছে। বিশেষ করে বহরমপুরে কংগ্রেসের এই শক্তিবৃদ্ধি আগামী নির্বাচনে শাসক দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে।