এসআইআর-এ গাফিলতি: এবার কমিশনের কোপে তিন মাইক্রো অবজার্ভার

নির্বাচনী প্রক্রিয়ায় এসআইআর-এর কাজে গাফিলতির অভিযোগে এবার তিনজন মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কড়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)। অভিযুক্তদের তালিকায় রয়েছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার, ইউকো ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার এবং সেন্ট্রাল ট্যাক্স সিজিএসটি-র একজন ইন্সপেক্টর।
কমিশন সূত্রে খবর, এই তিন আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়মিত কমিশনকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর আগে সাতজন এইআরও-কে সাসপেন্ড করেছিল কমিশন। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বরদাস্ত করা হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল নির্বাচন নিয়ামক সংস্থা।
অন্যদিকে, মাইক্রো অবজার্ভার নিয়োগ এবং এই সাসপেনশন ঘিরে রাজ্য ও কমিশনের মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে কমিশনের এমন শাস্তিমূলক পদক্ষেপ তিনি মেনে নেবেন না। এই ইস্যুতে প্রশাসনিক মহলে উত্তেজনা ক্রমেই বাড়ছে।