আসাম বিধানসভা নির্বাচন ২০২৬: দুই দফায় ভোট করানোর দাবিতে কমিশনের দ্বারস্থ রাজনৈতিক দলগুলি

আসন্ন ১২৬ আসনের আসাম বিধানসভা নির্বাচন সর্বোচ্চ দুই দফার মধ্যে সম্পন্ন করার আবেদন জানাল রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। ১৪ থেকে ২০ এপ্রিল আসামের প্রধান উৎসব ‘বিহু’ চলায়, জনজীবনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। মঙ্গলবার গুয়াহাটিতে জাতীয় ও আঞ্চলিক দলগুলির প্রতিনিধিরা নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে উৎসবের আগে বা পরে ভোটের দিনক্ষণ নির্ধারণের দাবি জানান।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এপ্রিলের প্রথম সপ্তাহে এক দফাতেই ভোট করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি পুলিশ প্রশাসন ও জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি পর্যালোচনা বৈঠক করেছেন। গত ২০২১ সালের নির্বাচনে তিন দফায় ভোটগ্রহণ হলেও, এবার উৎসবের কথা মাথায় রেখে প্রক্রিয়াটি সংক্ষিপ্ত করার জোরালো দাবি উঠেছে।
রাজ্যের বিশেষ ভোটার তালিকা সংশোধনীর পর বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯ জন। খসড়া তালিকার তুলনায় ভোটার সংখ্যা প্রায় ০.৯৭ শতাংশ হ্রাস পেয়েছে। তালিকায় নাম বাদ পড়ার প্রধান কারণ হিসেবে মৃত্যু ও ভোটারদের স্থানান্তরের কথা জানানো হয়েছে। নতুন যোগ্য নাগরিক হিসেবে তালিকায় যুক্ত হয়েছেন ৬ লক্ষ ২৭ হাজারেরও বেশি ভোটার।