ইমরান খানের প্রতি মানবিক আচরণের আর্জি কপিল-গাভাসকরদের

কারাবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন ক্রিকেট বিশ্বের ১৪ জন কিংবদন্তি অধিনায়ক। ভারতের কপিল দেব ও সুনীল গাভাসকর ছাড়াও এই তালিকায় রয়েছেন স্টিভ ওয়া, ক্লাইভ লয়েড এবং অ্যালান বর্ডারের মতো তারকারা। চিঠিতে তাঁরা ইমরানের সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণের জোরালো আবেদন জানিয়েছেন।
প্রাক্তন অধিনায়কদের মূল দাবি হলো, দীর্ঘ আড়াই বছর কারাবন্দি ইমরানের স্বাস্থ্যের অবনতি রুখতে অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হোক। বিশেষ করে তাঁর দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে উদ্বেগ জানিয়ে তাঁরা নিয়মিত পারিবারিক সাক্ষাৎ ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ার সুযোগ দেওয়ার দাবি তুলেছেন। রাজনৈতিক প্রেক্ষাপট সরিয়ে রেখে একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রাক্তন রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁকে প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
২২ গজের লড়াই ছাপিয়ে ইমরানের পাশে দাঁড়িয়েছেন তাঁর একসময়ের প্রতিপক্ষরা। চিঠিতে স্বাক্ষরকারীরা জানিয়েছেন, ক্রিকেটের বাইরেও একজন বিশ্বনেতা হিসেবে ইমরান পাকিস্তানের কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তান সরকারের নৈতিক দায়িত্ব বলে মনে করেন এই বিশ্বখ্যাত ক্রিকেটাররা।