মেদিনীপুরে মর্মান্তিক পথদুর্ঘটনা: উচ্চ মাধ্যমিকের ডিউটি সেরে ফেরার পথে মৃত শিক্ষিকা ও চালক

পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার বনপুরা এলাকায় ট্রাক ও চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক স্কুলশিক্ষিকা এবং গাড়িচালকের। মৃত শিক্ষিকার নাম রূপা প্রামাণিক (৪৩) এবং চালকের নাম শেখ আবু নাসের। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও খালাসি পলাতক।
পুলিশ সূত্রে খবর, কেশপুর গার্লস হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা রূপা দেবী মুন্ডুলিকা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। পথে একটি নিয়ন্ত্রণহীন মালবাহী ট্রাক তাঁর গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এই ঘটনায় শিক্ষিকার সহকর্মী কঙ্কনা সাঁতরাসহ আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। আহতদের দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক সুজয় হাজরা ও পুরসভার চেয়ারম্যান সৌমেন খান।