পাকিস্তানে গৃহযুদ্ধের দাবানল, থানায় বিস্ফোরক বোঝাই গাড়ির ধাক্কায় নিহত ১১ পুলিশকর্মী

খাইবার পাখতুনখোয়া: কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। রাজউর জেলায় একটি পুলিশচৌকিতে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। ভয়াবহ এই বিস্ফোরণে ১১ জন পুলিশকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় এক শিশুসহ আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) এই নৃশংস হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে, জঙ্গিরা সুপরিকল্পিতভাবে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সজোরে থানায় ধাক্কা মারে, যার ফলে মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। উল্লেখ্য, গত চব্বিশ ঘণ্টাতেই বাইক বোমা বিস্ফোরণে আরও দুজনের মৃত্যু হয়েছিল। একের পর এক জঙ্গি হামলায় বর্তমানে চরম অস্থিরতার মধ্যে রয়েছে প্রতিবেশী রাষ্ট্রটি।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু করেছে পাক সেনা।