ব্রিগেডে মোদীর মেগা সভা, তার আগে বাংলাজুড়ে বিজেপির পরিবর্তন রথযাত্রা

ব্রিগেডে মোদীর মেগা সভা, তার আগে বাংলাজুড়ে বিজেপির পরিবর্তন রথযাত্রা

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের ‘পরিবর্তন রথযাত্রা’র ডাক দিল বঙ্গ বিজেপি। মঙ্গলবার সল্টলেক কার্যালয় থেকে এই কর্মসূচির নির্ঘণ্ট ঘোষণা করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জনসংযোগ বৃদ্ধি এবং বুথ স্তরের সংগঠনকে চাঙ্গা করতেই একুশের ধাঁচে এই রণকৌশল নিয়েছে গেরুয়া শিবির।

রথযাত্রার নির্ঘণ্ট ও রুট

আগামী ১ এবং ২ মার্চ থেকে রাজ্যে মোট ৯টি রথযাত্রার সূচনা হবে।

  • ১ মার্চ: উত্তরবঙ্গের কোচবিহার এবং দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর, গড়বেতা, রায়দিঘি ও কুলটি থেকে যাত্রা শুরু।
  • ২ মার্চ: ইসলামপুর, সন্দেশখালি, হাসনাবাদ এবং আমতা থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের রথ।
  • বিরতি: ৩ মার্চ দোল এবং ৪ মার্চ হোলি উপলক্ষে রথযাত্রা বন্ধ থাকবে।
  • মূল কর্মসূচি: ৫ থেকে ১০ মার্চের মধ্যে প্রতিটি বিধানসভায় প্রায় ৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই রথ।

হেভিওয়েটদের উপস্থিতি ও মেগা প্ল্যান

রথযাত্রার উদ্বোধনে জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং ও নীতীন নবীনের মতো কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন। এছাড়া প্রচারের ময়দানে দেখা যেতে পারে শিবরাজ সিং চৌহান, নীতীন গড়কড়ি এবং স্মৃতি ইরানিকেও। ভোটের আগে কর্মীদের উজ্জীবিত করতে ৬০টি বড় জনসভা এবং ৩০০টি ছোট সভার পরিকল্পনা করা হয়েছে।

লক্ষ্য ব্রিগেড

মার্চ মাসের শেষে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল জনসভার মাধ্যমে এই রথযাত্রার সমাপ্তি ঘটবে। যদিও মোদীর সভার চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি। একুশের নির্বাচনে আশানুরূপ ফল না মেলায় এবার নিচুতলার সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া বিজেপি নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *