নির্বাচন ২০২৬: মার্চে মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজ্যে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’

নির্বাচন ২০২৬: মার্চে মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজ্যে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’

আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ বাড়াতে ফের ‘পরিবর্তন রথযাত্রা’র ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। মঙ্গলবার সল্টলেক কার্যালয়ে এই কর্মসূচির বিস্তারিত সূচি ঘোষণা করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ১ ও ২ মার্চ রাজ্যের ৯টি প্রান্ত থেকে এই রথযাত্রা শুরু হবে। ১ মার্চ কোচবিহার, কৃষ্ণনগরসহ পাঁচটি এলাকা এবং ২ মার্চ সন্দেশখালি, ইসলামপুরসহ বাকি চারটি এলাকা থেকে যাত্রা শুরু হবে।

দোল ও হোলি উপলক্ষ্যে ৩ ও ৪ মার্চ কর্মসূচি বন্ধ থাকলেও ৫ থেকে ১০ মার্চ পর্যন্ত প্রতিটি বিধানসভায় ৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই রথ। রথযাত্রার উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা এবং রাজনাথ সিংয়ের মতো শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ভোট প্রচারের অঙ্গ হিসেবে রাজ্যজুড়ে ৬০টি বড় এবং ৩০০টি ছোট জনসভার পাশাপাশি প্রতিটি বিধানসভায় ট্যাবলো প্রচার চালানো হবে।

একুশের নির্বাচনের আদলে বুথ ও মণ্ডল স্তরের সংগঠনকে চাঙ্গা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। মার্চ মাসের শেষে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক মেগা জনসভার মাধ্যমে এই রথযাত্রার সমাপ্তি ঘটবে। যদিও প্রধানমন্ত্রীর সভার চূড়ান্ত দিনক্ষণ এখনও স্থির হয়নি। তৃণমূলস্তরের কর্মীদের উজ্জীবিত করে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নিজেদের শক্তি প্রদর্শন করতে মরিয়া গেরুয়া শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *