প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীর ওপর নৃশংস হামলা, শিবামোগ্গায় চাঞ্চল্য

কর্ণাটকের শিবামোগ্গা জেলার তীর্থহাল্লি তালুকের আলমানে গ্রামে ভ্যালেন্টাইনস ডে-তে এক কিশোরীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। স্বরূপ নামের এক যুবক ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবক একটি বিয়ারের বোতল ভেঙে কিশোরীর গলা, ঘাড় ও হাতে এলোপাথাড়ি আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় কিশোরীকে দ্রুত স্থানীয় জেসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মনিপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে বর্তমানে সে চিকিৎসাধীন। এই ঘটনার পর উত্তেজিত জনতা ও পরিবারের সদস্যরা অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দেয়। এতে স্বরূপের মাথায় গুরুতর আঘাত লেগেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশি পাহারায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। এই বর্বরোচিত ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।