মেসি-কাণ্ড: আয়োজক শতদ্রুর জামিন খারিজের আবেদন জানালো পুলিশ

মেসি-কাণ্ডে ধৃত আয়োজক শতদ্রু দত্তর অন্তর্বর্তী জামিন বাতিলের দাবিতে মঙ্গলবার বারাসাত আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ। গত ১৯ জানুয়ারি আদালত তাকে জামিন দিলেও, তদন্তকারী আধিকারিকদের দাবি, শতদ্রু বাইরে থাকলে প্রতারিতদের টাকা ফেরানোর প্রক্রিয়া এবং সামগ্রিক তদন্ত ব্যাহত হতে পারে।
সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেন যে, যুবভারতীর ওই ঘটনায় দর্শকরা এখনও তাদের প্রাপ্য টাকা ফেরত পাননি। পুলিশের আশঙ্কা, জামিনে মুক্ত থাকলে অভিযুক্ত প্রভাবশালী হওয়ার সুবাদে তথ্যপ্রমাণ নষ্ট বা তদন্তে প্রভাব খাটাতে পারেন। ইতিমধ্যে বাজেয়াপ্ত মোবাইল ও সিমকার্ড ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্টে ‘প্রসিড অফ ক্রাইম’ রয়েছে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, শতদ্রুর আইনজীবী তার মক্কেলের ফ্রিজ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট এবং সিমকার্ড ফেরতের বিষয়ে পাল্টা সওয়াল করেন। উল্লেখ্য, গত ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির সফর ঘিরে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলা ও দর্শকদের ক্ষোভের জেরে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল শতদ্রু দত্তকে। বর্তমানে এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট সব পক্ষ।