বিজেপিতে যোগ দিলেন ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী, রাজনীতির আঙিনায় এবার দুই বোনের লড়াই

বিজেপিতে যোগ দিলেন ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী, রাজনীতির আঙিনায় এবার দুই বোনের লড়াই

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আরএসপি নেতা প্রয়াত ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী গোস্বামী আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন। রাজ্য বিজেপি সদর দপ্তরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনি গেরুয়া পতাকা হাতে তুলে নেন। রাজনীতির আঙিনায় পা রেখেই কস্তুরী রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন।

ক্ষিতি গোস্বামীর পরিবারে এখন রাজনৈতিক বৈচিত্র্য তুঙ্গে। কস্তুরীর বড় বোন বসুন্ধরা গোস্বামী বর্তমানে কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এর ফলে প্রয়াত বামপন্থী নেতার এক কন্যা তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন, অন্যজন বেছে নিলেন বিজেপিকে। কস্তুরীর পাশাপাশি এদিন প্রাক্তন এনএসজি ও সিআরপিএফ কর্তাসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব বিজেপিতে যোগদান করেন।

বামফ্রন্ট সরকারের দাপুটে মন্ত্রী ক্ষিতি গোস্বামী দীর্ঘ সময় আরএসপির রাজ্য ও কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন। ২০১৯ সালে তাঁর প্রয়াণের পর দুই কন্যার সক্রিয় রাজনীতিতে যোগদান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কস্তুরীর এই যোগদানকে বিজেপি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। কস্তুরী ভোটে দাঁড়াবেন কি না, তা নিয়ে ইতিমধ্য়েই জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *