স্বপ্নপূরণের আগেই ঘাতক এসইউভির ধাক্কায় প্রাণ হারালেন ২৩ বছরের তরুণ সাহিল

পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় এক নাবালক চালকের বেপরোয়া গতির বলি হলেন ২৩ বছর বয়সী সাহিল ধনেশরা। ৩ ফেব্রুয়ারি দুপুরে দ্রুতগতির একটি এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে সাহিলের বাইকে সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং ঘাতক গাড়িটির নামে এর আগেও অতিরিক্ত গতির কারণে ৯টি চালান কাটা হয়েছিল।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই সাহিলের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করেছে যে, দুর্ঘটনার পর উদ্ধারকার্যে অবহেলা এবং হাসপাতালে চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়েছিল। বর্তমানে অভিযুক্ত কিশোর দশম শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য অন্তর্বর্তী জামিনে রয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাটি ঘটার ঠিক আগে এসইউভিটি অত্যন্ত দ্রুতগতিতে ছুটছিল।
সাহিলের ঘরে এখনও ঝোলানো রয়েছে অসংখ্য মেডেল এবং ২০২৫ সালকে নিজের সাফল্যের বছর করার লক্ষ্যমাত্রা। ১ মিলিয়ন ডলার আয়ের স্বপ্ন নিয়ে সাজানো সেই পরিপাটি ঘর এখন কেবলই এক শোকাতুর মায়ের শূন্যতা বয়ে বেড়াচ্ছে। সড়ক নিরাপত্তা এবং নাবালকদের হাতে স্টিয়ারিং তুলে দেওয়ার ভয়াবহ পরিণতির প্রশ্নে ফের উত্তাল রাজধানী। এক সম্ভাবনাময় তরুণের আসামাপ্ত স্বপ্ন আর পরিবারের হাহাকার ঘিরেই এখন থমকে আছে দ্বারকার সেই বিষণ্ণ ঘরটি।