মিড ডে মিলে পুষ্টি বৃদ্ধিতে রাজ্যের বড় পদক্ষেপ, পাতে পড়ছে অতিরিক্ত ডিম

রাজ্যের স্কুলগুলোতে মিড ডে মিলের পুষ্টিগুণ বাড়াতে বিশেষ উদ্যোগ নিল স্কুল শিক্ষা দপ্তর। নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের প্রায় ৮১ লক্ষ ১৯ হাজার ৪১৫ জন পড়ুয়াকে আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতি মাসে ১২ দিন অতিরিক্ত ডিম দেওয়া হবে। ২০২৪-২৫ অর্থবর্ষের ‘ফ্লেক্সি ফান্ড’ থেকে উদ্বৃত্ত ৭৫৬২.৫৩ লক্ষ টাকা এই কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের বরাদ্দ সামান্য বাড়ালেও, ডাল-সবজির ঊর্ধ্বমূল্যের বাজারে তা পর্যাপ্ত ছিল না। বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ১৯ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ৯ টাকা ২৯ পয়সা করা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থায়নে এই প্রকল্প চললেও পুষ্টির মান বজায় রাখতে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বাড়তি অর্থ খরচের সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ছাত্রছাত্রীদের শারীরিক বিকাশে ডাল ও সবজির পাশাপাশি ডিম ও ফলের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার অত্যন্ত জরুরি। ফ্লেক্সি ফান্ডের মাধ্যমে অতিরিক্ত ডিম দেওয়ার এই সরকারি সিদ্ধান্তকে শিক্ষক মহল ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন। এই উদ্যোগের ফলে স্কুল স্তরে শিশুদের অপুষ্টি দূর করা এবং উপস্থিতির হার বাড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।