কাকদ্বীপে ৩ বছর ভাড়াবাড়িতে বাংলাদেশি মৎস্যজীবী, ২৮ জন আটক ঘিরে চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে ‘এফবি সাগর’ নামে একটি বাংলাদেশি ট্রলারসহ ২৮ জন মৎস্যজীবীকে আটক করেছে পুলিশ। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে উপকূল রক্ষীবাহিনীর হাতে ধরা পড়া এই ব্যক্তিদের জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধৃতদের বর্তমানে জেল হেফাজতে রাখা হয়েছে।
তদন্তে জানা গেছে, ধৃতদের মধ্যে রবীন্দ্রনাথ দাস নামে এক ব্যক্তি গত তিন বছর ধরে কাকদ্বীপে ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। তাঁর কাছে ভারত ও বাংলাদেশ—উভয় দেশের পরিচয়পত্র পাওয়া গেছে। অভিযোগ, মাস ছয়েক আগে বাংলাদেশে সাধারণ নির্বাচনে ভোট দিয়ে তিনি পুনরায় ভারতে ফিরে আসেন। তাঁর সহযোগীরাও একইভাবে অনুপ্রবেশ করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আটককৃতদের বক্তব্যে ব্যাপক অসঙ্গতি মেলায় তাঁদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ট্রলারটি বর্তমানে মৎস্য বন্দরে রাখা হয়েছে। দুই দেশের নথিপত্র ব্যবহার এবং দীর্ঘকাল অবৈধভাবে বসবাসের এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।