বিশ্বকাপে বড় অঘটন: বৃষ্টিতে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবোয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক অভাবনীয় পরিস্থিতির সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। মঙ্গলবার পাল্লেকেলেতে আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। অন্যদিকে, ম্যাচ ভেস্তে যাওয়ায় প্রাপ্ত এক পয়েন্টের সৌজন্যে নাটকীয়ভাবে সুপার এইট-এ নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে জিম্বাবোয়ে।
গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে পৌঁছাল সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবোয়ে। গত আসরে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া দলটি এবার অদম্য পারফরম্যান্স দেখিয়ে শেষ আটে জায়গা করে নিল। এই সমীকরণের ফলে অস্ট্রেলিয়ার পাশাপাশি আয়ারল্যান্ড ও ওমানের বিশ্বকাপ অভিযানও গ্রুপ পর্বেই আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো।
টুর্নামেন্টের শুরু থেকেই ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া প্রথম তিন ম্যাচের দুটিতেই পরাজিত হয়েছিল। শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের কাছে হারায় তাদের ভাগ্য অন্য দলের ফলাফলের ওপর নির্ভরশীল ছিল। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে ব্যর্থ হলো অজিরা। ওমানের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচটি এখন নেহাতই নিয়মরক্ষায় পরিণত হয়েছে।