নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ, রাজ্যে আরও ৩ মাইক্রো অবজার্ভার সাসপেন্ড

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে, তিন জন ইলেক্টোরাল রোল মাইক্রো অবজার্ভারকে সাময়িকভাবে বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছে। মূলত জেলা পর্যায়ের অবজার্ভারদের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সাসপেন্ড হওয়া এই আধিকারিকদের বিরুদ্ধে কর্তব্য পালনে চরম গাফিলতি এবং নিজের কাজ অন্যের ওপর চাপিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। কমিশনের নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে যে, নির্বাচন সংক্রান্ত দায়িত্বে থাকা প্রতিটি আধিকারিককে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজস্ব দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই নিজের দায়ভার অন্য কারও হাতে অর্পণ করা গ্রহণযোগ্য নয়।
রাজ্যে ইআরও (ERO) আধিকারিকদের সাসপেনশন নিয়ে নবান্ন ও কমিশনের মধ্যে সংঘাত যখন তুঙ্গে, তখনই নতুন এই পদক্ষেপ প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইতিপূর্বে আরও সাতজন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং ভোটার তালিকা সংশোধনে কোনো প্রকার অনিয়ম রুখতে কমিশন তাদের কড়া অবস্থান বজায় রাখছে।