২০২৬ বিধানসভা ভোটে বিজেপির হাতিয়ার আদবানির ‘রথযাত্রা’ ফর্মুলা

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের রথযাত্রার কৌশলে ভরসা রাখছে বঙ্গ বিজেপি। অতীতে ২০১৯ লোকসভা এবং ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রথযাত্রার পরিকল্পনা করা হলেও তা আশানুরূপ সাফল্য পায়নি। তবে এবার লালকৃষ্ণ আদবানির সেই ঐতিহাসিক রাজনৈতিক ফর্মুলাকে কাজে লাগিয়ে রাজ্যজুড়ে ১০টি রথ বের করার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।
ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন বিধানসভা কেন্দ্রের ওপর দিয়ে এই রথ যাবে, তার চূড়ান্ত রূপরেখা তৈরিতে ব্যস্ত দলের শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনমত গঠনে আদবানির রথযাত্রা একসময় বিজেপিকে জাতীয় রাজনীতিতে অক্সিজেন দিয়েছিল। সেই একই মডেলে ভর করে এবার বাংলাতেও প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি।
গত নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ৭৭-এ থমকে গেলেও, এবার দুই-তৃতীয়াংশ আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন অমিত শাহ। রথযাত্রার মাধ্যমে জনসম্পর্ক মজবুত করে শাসকদলকে টেক্কা দেওয়াই এখন বিজেপির মূল লক্ষ্য। তবে এই কর্মসূচি ভোটারদের মনে কতটা প্রভাব ফেলবে এবং নির্বাচনী বৈতরণী পার করতে কতটা সহায়ক হবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।