এসআইআর নথি আপলোড ঘিরে জটিলতা: লক্ষাধিক আবেদন থমকে থাকায় কমিশনের রিপোর্ট তলব

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য এসআইআর (SIR) প্রক্রিয়ার নথি আপলোড নিয়ে চরম অব্যবস্থা সামনে এসেছে। শুনানি পর্ব শেষ হলেও এখনও ১ লক্ষ ১৪ হাজার ৭৭২টি নথি অনলাইনে তোলা বাকি। উত্তর ২৪ পরগনা ও উত্তর কলকাতায় এই সংখ্যা সর্বাধিক হলেও মালদহ ও ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে কোনো অভিযোগ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও নির্ধারিত সময়ের আগেই পোর্টাল বন্ধ করে দেওয়ায় কয়েক লক্ষ আবেদন প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়নি।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং হাওড়াতেও বিপুল পরিমাণ নথি আপলোডের অপেক্ষায় রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার কড়া নির্দেশ দিলেও অনেক ক্ষেত্রে ‘ডিসপোজাল’ প্রক্রিয়া অত্যন্ত মন্থর গতিতে চলছে। এছাড়া ইআরও এবং এইআরও-দের পক্ষ থেকে আবেদন বাতিলের সুনির্দিষ্ট কারণ না জানানোর অভিযোগও উঠেছে। কিছু এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে সিস্টেম অচল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এই প্রশাসনিক অচলাবস্থার প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ঠিক কতজনের নথি আসাম্পূর্ণ রয়েছে এবং সময়ের অভাব নাকি প্রশাসনিক গাফিলতি—কোন কারণে এই বিশৃঙ্খলা তৈরি হলো, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) কাছেও ‘নোটিফায়েড ডকুমেন্টের’ পৃথক হিসেব চাওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে লক্ষাধিক ভোটারের নথির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে।