বিজেপিই গড়ছে সরকার, আত্মবিশ্বাসের সঙ্গে প্রচারের নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের

বিজেপিই গড়ছে সরকার, আত্মবিশ্বাসের সঙ্গে প্রচারের নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের

আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন নিশ্চিত—এই দৃঢ় বিশ্বাস নিয়ে জনমানসে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বিধাননগরে আয়োজিত ‘পরিবর্তন যাত্রা’ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব ও সুনীল বনসল জেলা স্তরের প্রতিনিধিদের এই বার্তা দেন। কোনো দ্বিধা বা ‘যদি-কিন্তু’ না রেখে বিজেপিই পরবর্তী সরকার গড়ছে, এই মন্ত্রেই কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষণ অনুযায়ী, দলের শীর্ষস্তরে জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাস থাকলেও তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে তার অভাব রয়েছে। সেই জড়তা কাটাতে বনসল ও ভূপেন্দ্র যাদব স্পষ্ট জানান, সাধারণ মানুষের কাছে উন্নয়নমূলক কাজের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে। রাস্তা বা সেতু নির্মাণের মতো জনহিতকর কাজের ক্ষেত্রে সরকার গঠনের পর কত দিনের মধ্যে তা সম্পন্ন হবে, সেই সময়সীমাও নির্ভয়ে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে দলের অভ্যন্তরীণ মনোবল চাঙ্গা করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার পশ্চিমবঙ্গে পরিবর্তনের দাবি করলেও, রাজ্যের নিচুতলার কর্মীদের মধ্যে সেই ‘উইনিং মোমেন্টাম’ বা জয়ের মেজাজ চারিয়ে দিতে চায় গেরুয়া শিবির। দলের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, সরকার গঠনের বিষয়ে কোনো সংশয় না রেখে সরাসরি আত্মবিশ্বাসের সঙ্গে ভোট ময়দানে লড়াই করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *