সাহসী পদক্ষেপে নিজের বিয়ে রুখল বীরভূমের সমাপ্তি, উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী

বীরভূমের দুবরাজপুরের একাদশ শ্রেণির ছাত্রী সমাপ্তি মণ্ডল নিজের বিয়ে রুখে দিয়ে সাহসিকতার নজির গড়েছে। পরিবারের অমতে এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে সে নিজেই প্রশাসনের দ্বারস্থ হয়। সমাপ্তির এই অদম্য জেদ ও উপস্থিত বুদ্ধিকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুক্তিপুর উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রীর বিয়ে ঠিক করেছিল পরিবার। কিন্তু সমাপ্তি সেই সিদ্ধান্ত মেনে না নিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়েই আইসিডিএস সুপারভাইজার বিয়ের দিন ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করেন। প্রশাসনিক হস্তক্ষেপে বর্তমানে ওই নাবালিকার পড়াশোনা করার পথ সুগম হয়েছে।
মুখ্যমন্ত্রী এই নাবালিকার সাহসিকতায় অভিভূত হয়ে তাকে একটি কম্পিউটার উপহার পাঠিয়েছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তার উচ্চশিক্ষার যাবতীয় খরচ বহনের আশ্বাস দেওয়া হয়েছে। সমাপ্তির এই পদক্ষেপ সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে এবং অন্যান্য কিশোরীদের স্বাবলম্বী হওয়ার পথে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছে জেলা প্রশাসন।