মেদিনীপুরে লরি-মারুতি সংঘর্ষে মৃত উচ্চ মাধ্যমিকের পরীক্ষক ও চালক

মেদিনীপুরে লরি-মারুতি সংঘর্ষে মৃত উচ্চ মাধ্যমিকের পরীক্ষক ও চালক

মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কের জামতলা মাইতিগোলায় মঙ্গলবার দুপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষক তথা স্কুল শিক্ষিকা রূপা প্রামাণিক (৩২) এবং গাড়ির চালক আবু নাসের (৪৪)। মুণ্ডুলিকা হাইস্কুলে পরীক্ষার ডিউটি সেরে মারুতি ভ্যানে চড়ে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ঘাতক ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড অভিঘাতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়িতে থাকা অপর শিক্ষিকা কঙ্কণা সাঁতরা। বর্তমানে তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ছাড়া ওই পথ দিয়ে যাওয়া দুই মোটরসাইকেল আরোহীও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান স্থানীয় বিধায়ক সুজয় হাজরা এবং মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানসহ মৃত শিক্ষিকার সহকর্মীরা।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক ও খালাসি পলাতক। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *