বিজেপির পরিবর্তন যাত্রা: ৫০০০ কিমি পথ পেরিয়ে ব্রিগেডে মোদীর মেগা সভা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে ব্যাপক কর্মসূচি ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, ‘পরিবর্তন যাত্রা’র মাধ্যমে গোটা বাংলায় জনসংযোগ বাড়াতে চলেছে দল। ১ ও ২ মার্চ রাজ্যের ৯টি প্রান্ত থেকে এই যাত্রা শুরু হবে। ৫ থেকে ১০ মার্চের মধ্যে প্রায় ৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায় রাজ্যজুড়ে ৬০টি বড় জনসভা এবং প্রায় ৩০০টি ছোট সভার পরিকল্পনা রয়েছে। এছাড়া কলকাতার ২৯টি বিধানসভা এলাকায় বিশেষ ট্যাবলো বের করা হবে। দোল উৎসবের কারণে ৩ ও ৪ মার্চ কর্মসূচি স্থগিত থাকবে। প্রতিটি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাওয়া এই যাত্রায় সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও মতামত সংগ্রহ করে নির্বাচনী ইস্তেহার তৈরি করবে বিজেপি।
দীর্ঘ প্রচার অভিযান শেষে মার্চ মাসেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সভার মাধ্যমেই পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘটবে। শমীক ভট্টাচার্যের দাবি, তৃণমূল সরকারের অপশাসনের অবসান ঘটিয়ে বাংলায় স্থায়ী রাজনৈতিক পরিবর্তনের পথ প্রশস্ত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।