যুবসাথী প্রকল্পে আবেদন জমা দেওয়ার হিড়িক, যুবতীদের চেয়ে তিন গুণ এগিয়ে যুবকরা

রাজ্যজুড়ে আয়োজিত ‘স্বনির্ভর বাংলা’ শিবিরের তৃতীয় দিনেও ‘যুবসাথী’ প্রকল্প নিয়ে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই প্রকল্পে মোট ১৭ লক্ষ ২৮ হাজার ৪৬৪টি আবেদন জমা পড়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যুবতীদের তুলনায় যুবকদের আবেদনের সংখ্যা প্রায় তিন গুণ বেশি। মোট আবেদনের মধ্যে ১২ লক্ষ ৬৭ হাজার ৬ জন যুবক এবং ৪ লক্ষ ৬১ হাজার ৪৫৮ জন যুবতী আবেদন করেছেন। এছাড়া ‘অন্যান্য’ বিভাগে জমা পড়েছে প্রায় আড়াই হাজার আবেদন।
২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক-যুবতীদের মাসিক দেড় হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সরকারি আধিকারিকদের মতে, ২৫ বছর উর্ধ্ব মহিলারা ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে যুবসাথী প্রকল্পে যুবতীদের অংশগ্রহণ তুলনামূলক কম। মূলত ২১ থেকে ২৫ বছর বয়সী মহিলারাই এই নতুন প্রকল্পের প্রতি বেশি আগ্রহী। বিপরীতে, কর্মসংস্থান ও আর্থিক সহায়তার প্রয়োজনে যুবকদের মধ্যে এই প্রকল্প নিয়ে শুরু থেকেই ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।
আবেদন জমা পড়ার পাশাপাশি তথ্য যাচাইয়ের প্রক্রিয়া নিয়েও তৎপরতা শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার এক বৈঠকে যোগ্য প্রাপকদের তালিকা নির্ভুল রাখতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনকারীরা অন্য কোনও সরকারি ভাতা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হবে। অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই আসা আবেদনগুলো গুরুত্ব সহকারে যাচাই করা হচ্ছে যাতে কোনও যোগ্য প্রার্থী এই সুবিধা থেকে বঞ্চিত না হন।