১ লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চিত! ভেরিফিকেশন না ফিরতেই বড়সড় জটিলতা রাজ্যে

১ লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চিত! ভেরিফিকেশন না ফিরতেই বড়সড় জটিলতা রাজ্যে

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানি শেষ হলেও এখনও ভেরিফিকেশন হয়ে ফেরেনি ভিনরাজ্যে পাঠানো প্রায় ১ লক্ষ ভোটারের নথি। ফলে এই বিপুল সংখ্যক নাগরিকের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

শেষ মুহূর্তে নথি জটে প্রশাসনিক মহলে উদ্বেগ

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার কথা। কিন্তু হাতে সময় অত্যন্ত কম থাকলেও বিহার বা অন্যান্য রাজ্যে পাঠানো নথির বড় অংশই এখনও এসে পৌঁছায়নি। যারা পড়াশোনা বা পাসপোর্টের সূত্রে ভিনরাজ্যের নথি জমা দিয়েছিলেন, তাঁদের তথ্য ‘ডাউটফুল’ হিসেবে চিহ্নিত করে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল। এখন সেই রিপোর্ট না আসায় জেলা নির্বাচন আধিকারিকরা (DEO) চরম ধন্দে পড়েছেন। ডিজিটাল সিস্টেমে এই নথিগুলি থাকলেও চূড়ান্ত অনুমোদন ছাড়া সেগুলিকে বৈধ ঘোষণা করা যাচ্ছে না।

আপলোড হয়নি আরও ১ লক্ষ ১৪ হাজার নথি

সমস্যা শুধু ভিনরাজ্যের নথিতেই সীমাবদ্ধ নেই। জানা গিয়েছে, শেষ দিনের শুনানিতে হাজির হওয়া প্রায় ১ লক্ষ ১৪ হাজার ভোটারের নথি সার্ভারে আপলোডই করা যায়নি। প্রযুক্তিগত ত্রুটি নাকি প্রশাসনিক গাফিলতি— কী কারণে এই বিশাল সংখ্যক তথ্য বাদ পড়ল, তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে কড়া রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

অভয় দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক

যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। তাঁর মতে, রাজ্যের ভেতরের সমস্ত ভেরিফিকেশন শেষ হয়েছে এবং বাইরের নথিগুলোও নির্দিষ্ট সময়ের মধ্যেই চলে আসবে। তবে প্রশাসনিক আশ্বাসের পরেও লক্ষাধিক ভোটারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটছে না। বিধানসভা ভোটের আগে এই ‘নথি সংকট’ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *