মরেও শান্তি নেই! মৃত ব্যক্তিকে ‘জ্যান্ত’ করে ভোটার তালিকায় ঠাঁই দিলেন মন্দিরবাজারের এইআরও

মন্দিরবাজার: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে ভোটার তালিকা সংশোধন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। মৃত ব্যক্তিকে ভোটার তালিকায় বৈধ বলে ঘোষণা করার গুরুতর অভিযোগ উঠল এক অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও)-এর বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। কেন্দ্রীয় পর্যবেক্ষকরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে রিপোর্ট পাঠিয়েছেন।
ঘটনার সূত্রপাত মহম্মদ শহিদুল হক নামে এক ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঘিরে। তথ্যে অসঙ্গতি থাকায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে শুনানিতে তলব করা হয়েছিল। আগামী ৩ ফেব্রুয়ারি প্রয়োজনীয় নথি নিয়ে তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত দিনের আগেই শহিদুল হকের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট দফতরে পৌঁছে জানান যে, তিনি আর জীবিত নেই। প্রমাণ হিসেবে তাঁরা ওই ব্যক্তির মৃত্যুর শংসাপত্রও জমা দেন।
আশ্চর্যের বিষয় হলো, পরিবারের পক্ষ থেকে সরকারি মৃত্যু শংসাপত্র জমা দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট এইআরও ওই ব্যক্তিকে ‘যোগ্য ভোটার’ হিসেবে সবুজ সংকেত দেন। শুধু তাই নয়, চূড়ান্ত তালিকায় তাঁর নাম বহাল রাখার প্রক্রিয়াতেও সম্মতি জানান তিনি। প্রশাসনের এই চরম গাফিলতি ধরা পড়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ‘সুপার চেকিং’-এর সময়। নথিপত্র খতিয়ে দেখে তাঁরা স্পষ্ট জালিয়াতি বা অসঙ্গতি খুঁজে পান।
সূত্রের খবর, এই গোটা ঘটনাটি সবিস্তারে লিপিবদ্ধ করে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয়েছে। কমিশনের উচ্চপদস্থ কর্তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। এটি স্রেফ প্রশাসনিক গাফিলতি নাকি এর পেছনে কোনও বিশেষ উদ্দেশ্য বা অসাধু চক্র কাজ করছে, তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।