হুমায়ুনের জামাইকে প্রার্থী করতে চাইছে তৃণমূল? বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে তোলপাড়

হুমায়ুনের জামাইকে প্রার্থী করতে চাইছে তৃণমূল? বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে তোলপাড়

নিজে সাসপেন্ডেড, এবার কি হুমায়ুন কবিরের ঘরের লোককেই ভাঙিয়ে আনতে চাইছে শাসকদল? রেজিনগর থেকে ভরতপুর— বিধায়কের পরিবারের ওপর প্রশাসনের সাঁড়াশি চাপের মাঝেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন খোদ হুমায়ুন কবির। তাঁর দাবি, একদিকে তাঁর স্ত্রীর নামে থাকা জমি ও বাড়ি বাজেয়াপ্ত করার নোটিস পাঠানো হচ্ছে, আর অন্যদিকে মালদার এক আত্মীয়ের মাধ্যমে তাঁর জামাইকে লালগোলা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত রেজিনগর বিধানসভার মানিক্যহার গ্রামে একটি জলাশয় ভরাট করে বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে। জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর হুমায়ুন-জায়া মীরা সুলতানাকে সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলেছে। সন্তোষজনক উত্তর না মিললে বাড়িটি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে হুমায়ুন কবির একে ‘প্রতিহিংসার রাজনীতি’ বলে উল্লেখ করেছেন। তাঁর বিস্ফোরক অভিযোগ, “রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে আমার পরিবারের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। অথচ পর্দার আড়ালে আমার জামাইকে প্রার্থী করার টোপ দিচ্ছে তৃণমূল।”

উল্লেখ্য, দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবির নিজের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ গঠন করেছেন। বিধানসভা নির্বাচনের আগে তিনি বাম এবং আইএসএফ-এর সঙ্গে জোটের সলতে পাকাচ্ছেন। এমনকি ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলামের সঙ্গেও তাঁর একাধিকবার বৈঠক হয়েছে বলে তিনি জানান। এই আবহে বিধায়কের জামাইকে নিয়ে তৈরি হওয়া নতুন এই জল্পনা বাংলার ভোট রাজনীতির সমীকরণ কোন দিকে ঘোরায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *