সাবধান না হলেই বিপদে পড়বেন পর্যটকরা! নামী হোটেলের আড়ালে ৩১টি ভুয়ো ওয়েবসাইট

সাবধান না হলেই বিপদে পড়বেন পর্যটকরা! নামী হোটেলের আড়ালে ৩১টি ভুয়ো ওয়েবসাইট

নিউজ ডেস্ক

দোলের ছুটিতে পাহাড় কিংবা সমুদ্রের টানে যারা ঘর ছাড়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ। দার্জিলিং, পুরী বা মন্দারমণির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে হোটেল বুকিং করতে গিয়ে চরম প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জানা গেছে, একটি নামী হোটেল সংস্থার নাম ভাঁড়িয়ে অন্তত ৩১টি ভুয়ো ওয়েবসাইট খুলেছে জালিয়াতরা।

এই চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ৩১টি আলাদা মোবাইল নম্বর ব্যবহার করে পর্যটকদের বিভ্রান্ত করছে। বুকিংয়ের নামে কিউআর কোড পাঠিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। যখন পর্যটকরা আসল হোটেলে পৌঁছাচ্ছেন বা যোগাযোগ করছেন, তখনই ধরা পড়ছে জালিয়াতি।

ইতিমধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে সল্টলেকের বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, উৎসবের মরশুমে পর্যটকদের ভিড়কে কাজে লাগিয়ে এই জাল বিছিয়েছে প্রতারকরা। অনলাইনে হোটেল বুকিং করার সময় শুধুমাত্র অফিশিয়াল ওয়েবসাইট যাচাই করে এবং সরাসরি যোগাযোগ করে টাকা লেনদেন করার পরামর্শ দিচ্ছে প্রশাসন। একটু অসাবধানতা আপনার ছুটির আনন্দকে মাটি করে দিতে পারে, তাই পেমেন্ট করার আগে অবশ্যই সতর্ক থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *