মহম্মদ সেলিমের একনায়কতন্ত্রে কি ভেঙে যাচ্ছে বঙ্গ সিপিএম? তরুণ তুর্কিদের বিদ্রোহে চরম অস্বস্তিতে আলিমুদ্দিন

রাজ্য সিপিএমের অন্দরে এখন কার্যত যুদ্ধের আবহ। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কার্যপদ্ধতি এবং ‘তোষামদকারী’ রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন দলের একঝাঁক তরুণ নেতা-নেত্রী। প্রতীক উর রহমানের দল ছাড়ার জল্পনা এবং আলিমুদ্দিনের অন্দরে ক্রমবর্ধমান বিদ্রোহ এখন বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সেলিমের বিরুদ্ধে ‘রে রে’ করে উঠলেন রাজ্য কমিটির নেতারা
সূত্রের খবর, দলের বর্তমান হালচাল নিয়ে ক্ষুব্ধ রাজ্য কমিটির অধিকাংশ সদস্য। মহম্মদ সেলিমের নেতৃত্বে সিপিএম এখন একটি ‘তোষামদকারী’ দলে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠছে খোদ দলের ভেতর থেকেই। প্রতীক উর রহমানের মতো তরুণ মুখেরা সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমানে দলের যে ভাবধারা, তার সঙ্গে খাপ খাওয়ানো তাঁদের পক্ষে আসাম্ভব হয়ে পড়ছে। অভিযোগের আঙুল সরাসরি সেলিমের দিকে, যিনি দলের নীতি-আদর্শের চেয়ে ব্যক্তিগত সমীকরণকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে দাবি বিক্ষুব্ধ শিবিরের।
গালিগালাজের রাজনীতি বনাম বামপন্থা
বিক্ষুব্ধ তরুণ ব্রিগেডের অভিযোগ, বর্তমানে সিপিএমের নীতি হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ এবং গালিগালাজ করা। শতরূপ ঘোষ বা মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো নেতারা সংবাদমাধ্যমে গিয়ে যে ধরণের ভাষা ব্যবহার করছেন, তা বাংলার সাধারণ মানুষ গ্রহণ করছেন না। বামপন্থার যে নিজস্ব শালীনতা এবং আদর্শ ছিল, তা বিসর্জন দিয়ে বিজেপি-র কায়দায় রাজনীতি করা হচ্ছে বলে মনে করছেন সৃজন বা দীপ্সিতার মতো তরুণ প্রজন্মের একাংশ। তাঁদের মতে, কাজের সমালোচনা না করে ব্যক্তিগত আক্রমণ করায় জনসমর্থন আরও তলানিতে গিয়ে ঠেকেছে।
‘বাংলা বাঁচাও’ যাত্রা ফ্লপ এবং অর্থ অপচয়
দলের অন্দরে আরও একটি বড় অভিযোগ উঠেছে ‘বাংলা বাঁচাও’ যাত্রাকে কেন্দ্র করে। এই কর্মসূচিটি ডাহা ফেল করেছে এবং এতে দলের প্রচুর অর্থ অপচয় হয়েছে বলে সরব হয়েছেন অনেক নেতা। কিন্তু এই সত্যটুকু দলের অন্দরে বলতে গেলেই তাঁদের কোণঠাসা হতে হচ্ছে বলে অভিযোগ। রাজ্য কমিটির বৈঠকে এই নিয়ে সেলিম গোষ্ঠী বনাম তরুণ ব্রিগেডের লড়াই এখন তুঙ্গে।
ভাঙনের মুখে বাম শিবির?
প্রতীক উর রহমান যদি শেষ পর্যন্ত দল ত্যাগ করেন, তবে তাঁর পথ অনুসরণ করতে পারেন একঝাঁক নতুন প্রজন্মের নেতা-নেত্রী। বিনয় কোঙার বা অনিল বসুদের সেই পুরনো ‘গালিগালাজের লাইন’ থেকে বেরিয়ে আসতে মরিয়া এই তরুণ তুর্কিরা। সেলিম-বিকাশ আঁতাত বনাম বিদ্রোহী শিবিরের এই লড়াইয়ে সিপিএম আড়াআড়ি বিভক্ত হয়ে পড়েছে। এখন দেখার, আলিমুদ্দিন এই বিদ্রোহ দমন করতে পারে নাকি বঙ্গ সিপিএমের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়ে বেরিয়ে যান এই তরুণ ব্রিগেডের সদস্যরা।