রাজপরিবারে চরম অস্বস্তি! শেষমেশ পুলিশের হাতে গ্রেফতার রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু

ব্রিটিশ রাজপরিবারের অন্দরে ফের বড়সড় ঝড়ের পূর্বাভাস। এবার খোদ রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুকে গ্রেফতার করল ব্রিটেনের পুলিশ। দীর্ঘদিনের যৌন কেলেঙ্কারির অভিযোগ এবং কুখ্যাত ‘এপস্টিন ফাইলস’-এ নাম জড়ানোর পর এই ঘটনা লন্ডনের রাজপ্রাসাদে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ইতিমধ্যেই যৌন হেনস্থার গুরুতর অভিযোগে রাজকীয় সমস্ত পদমর্যাদা এবং ‘প্রিন্স’ উপাধি হারিয়েছেন অ্যান্ড্রু। রাজপরিবার থেকে কার্যত বিতাড়িত হওয়ার পর এবার আইনি জালে আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়লেন তিনি। মার্কিন ধনকুবের জেফরি এপস্টিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং তার সূত্র ধরে ওঠা একাধিক চাঞ্চল্যকর অভিযোগের ছায়া তাঁর পিছু ছাড়ছে না।
যদিও পুলিশের তরফে এখনও স্পষ্টভাবে জানানো হয়নি ঠিক কোন সুনির্দিষ্ট ধারায় বা নতুন কোনো তথ্যের ভিত্তিতে এই গ্রেফতারি, তবে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের নজর এখন বাকিংহাম প্যালেসের দিকে। নিজের ভাইকে নিয়ে উদ্ভূত এই নজিরবিহীন পরিস্থিতিতে রাজা চার্লস বা রাজপরিবারের অন্য কোনো সদস্য এখনও পর্যন্ত মুখ খোলেননি।