তারেক জমানায় খুলছে ভারত ভ্রমণের দুয়ার, স্বাভাবিক হচ্ছে ভিসা প্রক্রিয়া

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে বইছে নতুন হাওয়া। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের কূটনীতিতে বড় ধরণের বরফ গলার ইঙ্গিত পাওয়া গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর শীঘ্রই স্বাভাবিক হতে চলেছে ভারতীয় ভ্রমণ ভিসাসহ সব ধরনের ভিসা কার্যক্রম।
বুধবার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানান, দুই দেশের যাতায়াত ব্যবস্থা সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভিসা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে চাইছে ঢাকা ও নয়া দিল্লি।
অনিরুদ্ধ দাসের মতে, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন সাংস্কৃতিক চেতনাকে গুরুত্ব দিয়ে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভৌগোলিক ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। এর ফলে সাধারণ নাগরিকদের যাতায়াতের ভোগান্তি দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে।