নির্বাচনের মুখে রাজ্য পুলিশে বড় রদবদল, তিন জেলার এসপি সহ বদলি হলেন চার আইপিএস

বিধানসভা ভোটের দামামা বাজার আগেই ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। এবার আলিপুরদুয়ার, বসিরহাট ও জঙ্গিপুরের পুলিশ সুপারসহ (এসপি) মোট চারজন উচ্চপদস্থ আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, আলিপুরদুয়ারের এসপি খণ্ডবহালে উমেশ গণপতকে উত্তরবঙ্গ আইবি-র এসএস পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় আলিপুরদুয়ারের নতুন এসপি হচ্ছেন অমিতকুমার সাউ, যিনি এতদিন জঙ্গিপুর পুলিশ জেলার দায়িত্বে ছিলেন। অন্যদিকে, জঙ্গিপুরের নতুন এসপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন হোসেন মেহেদি রহমান। এছাড়া, গোয়েন্দা বিভাগের (আইবি) এসএস আরিশ বিলালকে বসিরহাটের নতুন পুলিশ সুপার পদে নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসেই রাজ্যের ১০৯ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়েছিল। জানুয়ারির শুরুতেও ২৬ জন পুলিশকর্তার রদবদল হয়। ভোটের আগে আইনশৃঙ্খলার রাশ শক্ত করতে এবং প্রশাসনিক কাজের গতি বাড়াতেই এই ধারাবাহিক রদবদল বলে মনে করা হচ্ছে।