মমতার আশঙ্কাই সত্যি! ভোটার তালিকা থেকে উধাও ৬৩ লক্ষ নাম? তোলপাড় রাজ্য রাজনীতি

রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে দানা বাঁধল চরম বিতর্ক। বিএলও ঐক্য মঞ্চের একটি বিস্ফোরক চিঠি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, বর্তমান পরিস্থিতি যেন সেই দিকেই ইঙ্গিত করছে।
কী রয়েছে বিএলও’দের বিস্ফোরক চিঠিতে
জেলাশাসক ও নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে বিএলও’রা অভিযোগ করেছেন, ইআরও-দের মৌখিক নির্দেশে বহু বৈধ ভোটারকে ‘আনম্যাপড’ করে রাখা হয়েছে। অর্থাৎ, প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও কয়েক লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিএলও ঐক্য মঞ্চের দাবি, কোচবিহার, উত্তর দিনাজপুর, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলোতে এই সমস্যা সবথেকে বেশি।
বিপাকে ৬০ লক্ষ ভোটার
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ৫ লক্ষ ভোটার শুনানিতে গরহাজির ছিলেন এবং প্রায় ৩০ লক্ষ ভোটারের তথ্য যাচাই করার পরেও ‘টু বি রিভিউড’ ক্যাটাগরিতে ফেলে রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার এখন বিশ বাঁও জলে।
সময়সীমা বাড়ার সম্ভাবনা
নির্বাচন কমিশনের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ভেরিফিকেশন শেষ করে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা। কিন্তু যে বিশাল পরিমাণ কাজ এখনও বাকি, তাতে নির্দিষ্ট সময়ে নির্ভুল তালিকা প্রকাশ করা আসাম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। ফলে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়তে পারে বলে জোরালো গুঞ্জন শুরু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল অবশ্য জানিয়েছেন, রাজ্যের অভ্যন্তরীণ ভেরিফিকেশন প্রায় শেষ, শুধু বাইরের কিছু রিপোর্ট আসা বাকি।