আলাপন বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করল দিল্লি হাই কোর্ট, কেন স্বস্তি পেল না প্রাক্তন মুখ্যসচিব?

আবারও আইনি ধাক্কা খেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে চলা শৃঙ্খলামূলক মামলার স্থানান্তরের রায় পুনর্বিবেচনার যে আবেদন তিনি জানিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট। বিচারপতি সি হরি শঙ্কর এবং বিচারপতি জ্যোতি সিংহের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ‘রিভিউ পিটিশন’-এর কোনো আইনি ভিত্তি বা মেরিট নেই।
২০২১ সালের মে মাসে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা কলাইকুণ্ডার বৈঠকে অনুপস্থিতি ঘিরে বিতর্কের সূত্রপাত। রাজ্যের তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলামূলক পদক্ষেপ শুরু করে কেন্দ্র। এরপর আইনি লড়াই গড়ায় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট) থেকে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত।
কেন্দ্রীয় সরকারের আবেদনে মামলাটি কলকাতা থেকে দিল্লির প্রধান বেঞ্চে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল ক্যাট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করলেও শেষ পর্যন্ত শীর্ষ আদালত এবং দিল্লি হাই কোর্টে কোনো সুরাহা পাননি তিনি। ২০২২ সালের ৭ মার্চ দিল্লি হাই কোর্ট জানিয়েছিল, এই মামলার কারণসূত্র যেহেতু দিল্লিতেই তৈরি হয়েছে, তাই স্থানান্তরের নির্দেশে কোনো ভুল নেই।
আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁর রিভিউ পিটিশনে দাবি করেছিলেন, আগের শুনানিতে তাঁকে বক্তব্য পেশের পূর্ণাঙ্গ সুযোগ দেওয়া হয়নি। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, আগের রায়ে এমন কোনো স্পষ্ট ত্রুটি নেই যা আইনিভাবে পুনর্বিবেচনার যোগ্য।
৩১ মে ২০২১-এ অবসর নেওয়ার পরেও এই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বর্তমান রাজ্য প্রশাসনের এই বিশেষ উপদেষ্টা। তবে হাই কোর্টের এই সাম্প্রতিক নির্দেশের ফলে দিল্লিতে ক্যাটের প্রধান বেঞ্চে তাঁর বিরুদ্ধে চলা বিভাগীয় তদন্তের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।