ভোটের আগে তিন জেলায় পুলিশ সুপার পদে রদবদল নবান্নের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক তৎপরতা বাড়িয়ে তিন জেলার পুলিশ সুপারসহ একাধিক উচ্চপদস্থ পুলিশকর্তাকে বদলি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিপুরদুয়ারের এসপি খণ্ডবহালে উমেশ গণপতকে উত্তরবঙ্গ আইবির স্পেশাল সুপার পদে পাঠানো হয়েছে। অন্যদিকে, গোয়েন্দা বিভাগের আরিশ বিলালকে বসিরহাটের নতুন এসপি এবং সেখানকার বর্তমান সুপার হোসেন মেহেদি রহমানকে জঙ্গিপুর পুলিশ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
জঙ্গিপুরের বিদায়ী এসপি অমিতকুমার সাউকে আলিপুরদুয়ারের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই এই রদবদল করা হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে যারা একই পদে তিন বছরের বেশি সময় ধরে রয়েছেন বা নিজস্ব জেলায় কর্মরত, তাদের দ্রুত বদলির নির্দেশ দিয়েছিল কমিশন।
এর আগে জানুয়ারি মাসেও বিধাননগর পুলিশ কমিশনারসহ ২৬ জন পদস্থ আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছিল। আইপিএস কর্তাদের পাশাপাশি নিচুতলার ১০৯ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিককেও বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই রাজ্যজুড়ে এই বৃহৎ প্রশাসনিক রদবদল প্রক্রিয়া চলছে।