এআই সব পারলেও দিল্লির ট্রাফিক জ্যাম কমাতে পারবে না, ঋষি সুনাকের মজার মন্তব্যে হাসির রোল

এআই সব পারলেও দিল্লির ট্রাফিক জ্যাম কমাতে পারবে না, ঋষি সুনাকের মজার মন্তব্যে হাসির রোল

নয়াদিল্লি: প্রযুক্তির বিস্ময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে অসাধ্য সাধন করা সম্ভব হলেও দিল্লির কুখ্যাত যানজট কাটানো বোধহয় স্বয়ং বিধাতারও সাধ্যের বাইরে। অন্তত এমনটাই মনে করছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ যোগ দিয়ে দিল্লির ট্রাফিক নিয়ে এক মজাদার টিপ্পনি কাটলেন তিনি, যা শুনে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

ভারত মণ্ডপমে আয়োজিত এই বিশেষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ঋষি সুনাক প্রথমেই কিছুটা দেরি করে পৌঁছানোর জন্য ক্ষমা চেয়ে নেন। এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতা করে তিনি বলেন, “দেরি হওয়ার জন্য আমি দুঃখিত, এটা সম্পূর্ণ আমার ভুল। তবে আমরা এই সপ্তাহে যা শুনলাম, তাতে এআই অনেক কিছু করতে পারলেও দিল্লির ট্রাফিক সমস্যার সমাধান বোধহয় এখনই করতে পারবে না।” সুনাকের এই টিপ্পনি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

ভারতের এআই শক্তির প্রশংসা

দিল্লির যানজট নিয়ে মজা করলেও ভারতের প্রযুক্তিগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ এই নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে তিনি জানান, প্রযুক্তি উদ্ভাবন এবং তা ব্যবহারের ক্ষেত্রে ভারতের মানুষের মধ্যে যে অদম্য শক্তি দেখা যাচ্ছে, তা বিশ্বের আর কোথাও নেই। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত এখন বিশ্বের অন্যতম ‘এআই সুপারপাওয়ার’ হিসেবে উঠে এসেছে। তবে মজার ছলে তিনি যোগ করেন, “এটা দেখে কিছুটা খারাপ লাগছে যে এই তালিকায় পৌঁছাতে গিয়ে ভারত ব্রিটেনকে পেছনে ফেলে দিয়েছে। তবে আমি প্রধানমন্ত্রী মোদীকে বলেছি, যদি আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং দেখেন, তবে ইংল্যান্ড এখনও এগিয়ে আছে, যা হয়তো বেশি গুরুত্বপূর্ণ।”

যানজটে নাজেহাল দিল্লিবাসী

ঋষি সুনাকের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন ভারত মণ্ডপমে এই হাই-প্রোফাইল সামিটের কারণে দিল্লির রাজপথ কার্যত অচল হয়ে পড়েছে। সামিটের নিরাপত্তা এবং ভিভিআইপি চলাচলের কারণে সেন্ট্রাল দিল্লির বিভিন্ন রাস্তায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিকরা ক্ষোভ উগরে দিচ্ছেন। আপ নেতা সৌরভ ভরদ্বাজ এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে লিখেছেন, “আন্তর্জাতিক অতিথিদের আমরা কী দেখাচ্ছি? এআই সামিটের আগে ট্রাফিক সামলানোর নূন্যতম জ্ঞান থাকা জরুরি।”

দিল্লি পুলিশ আগে থেকেই ট্রাফিক অ্যাডভাইজরি জারি করলেও কাজের কাজ কিছুই হয়নি। সেন্ট্রাল দিল্লির প্রধান রাস্তাগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঋষি সুনাকের কথায় যেন সেই বাস্তব যন্ত্রণাই এক চিলতে হাসির খোরাক হয়ে ধরা দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *